বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় চারটি গরু ও ৪০ লিটার দেশীয় তৈরি মদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় মদ পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচারিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) গরু ও মদসহ তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন উপজেলার বিওসি কেছরীগুল (ডিমাই) গ্রামের আব্দুল আজিজ বচুর ছেলে শাহিন আহমদ (১৯), একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আফজল হোসাইন আইনুল (২০), রাজিব রবিদাস (২৬) ও রাজু রবিদাস (২৬)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি চোরাকারবারি চক্র ভারতীয় গরু চোরাচালানের মাধ্যমে বড়লেখার দিকে নিয়ে আসছে। পরে এসআই মো: আবদুল করিম ও এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে কয়েকজন ব্যক্তি গরুগুলো নামিয়ে পিকআপে করে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে চারটি গরু উদ্ধার করা হয় এবং দু’জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা চারটি গরুর আনুমানিক বাজারমূল্য দুই লাখ ৩৫ হাজার টাকা।
অপরদিকে, সোমবার রাতে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের গুলিস্তান এলাকায় ডেফলগাছের নিচে অভিযান চালিয়ে ৪০ লিটার দেশীয় তৈরি মদসহ আরো দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, সিএনজিচালিত অটোরিকশা করে দেশীয় তৈরি মদ দক্ষিণভাগ বাজারের দিকে নেয়া হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই শেখ কামরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় রাজিব রবিদাস ও রাজু রবিদাস নামে দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের সাথে থাকা আরো একজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ। এ সময় মদ পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ২৪ হাজার টাকা এবং জব্দ করা অটোরিকশার মূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান জানান, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মৌলভীবাজারের পুলিশ সুপার মো: মনিরুল ইসলামের দিকনির্দেশনায় বড়লেখা থানা পুলিশের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। উপজেলায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিভিন্ন এলাকায় ব্লক রেইড ও নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, ‘গ্রেফতার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার ও জব্দ করা মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’



