হাওরপাড়ের ১৬ প্রাথমিক স্কুলে এমপি কামরুলের নৌকা বিতরণ

সুনামগঞ্জের হাওরপাড়ের শিক্ষার্থীদের বিদ্যালয়ে সহজ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট নৌকা বিতরণ করেছেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
হাওরপাড়ের ১৬ প্রাথমিক স্কুলে এমপি কামরুলের নৌকা বিতরণ
হাওরপাড়ের ১৬ প্রাথমিক স্কুলে এমপি কামরুলের নৌকা বিতরণ |নয়া দিগন্ত

সুনামগঞ্জের হাওরপাড়ের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বর্ষাকালে শিক্ষার্থীদের বিদ্যালয়ে সহজ ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছোট ছোট নৌকা বিতরণ করেছেন সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ২ লাখ ৬০ হাজার টাকার বরাদ্দ থেকে এসব নৌকা নির্মাণ ও বিতরণ করা হয়েছে।

সম্প্রতি (সোমবার) মধ্যনগর উপজেলার কাচারি ঘাটে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের কাছে আনুষ্ঠানিকভাবে নৌকাগুলো তুলে দেয়া হয়।

জানা যায়, খালিশাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ আলমকে সভাপতি করে গঠিত একটি কমিটির মাধ্যমে এমপি কামরুজ্জামান কামরুলের বরাদ্দের অর্থ উত্তোলন করে ১৬টি নৌকা নির্মাণ করা হয়।

যেসব বিদ্যালয়ে নৌকা প্রদান করা হয়েছে সেগুলো হলো— দৌলতপুর, মাছুয়াকান্দা, শালীয়ানী, কামাউড়া, জামালপুর, খালিশাকান্দা, গলইখালী, বলরামপুর, ইটাউরি, সাতুর, চাপাইতি, দুগনুই, বীরসিংহপাড়া, দোয়াদুর রহমান, আটাইশা মাছিমপুর ও আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

মধ্যনগর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন মুঠোফোনে বলেন, ‘বর্ষাকালে পানির কারণে শিক্ষার্থীদের স্কুলে যেতে অনেক সমস্যা হয়। উপজেলায় প্রায় ৪৬/৪৭টি স্কুলে শিক্ষার্থীদের নৌকায় আসা-যাওয়া করতে হয়। মাননীয় সংসদ সদস্যের উদ্যোগে ১৬টি স্কুলে নৌকা দেয়া হয়েছে। এগুলো চালু হলে শিক্ষার্থীদের যাতায়াতে অনেক উপকার হবে এবং বিদ্যালয়ে ছাত্র উপস্থিতির হার বেড়ে যাবে।’

স্থানীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, ‘আমার নির্বাচনী এলাকাটাই হাওর অঞ্চল। বিগত সরকারের আমলে এখানে তেমন ভালো কাজ হয়নি। বর্ষাকালে আমাদের প্রাইমারির শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়। অবহেলিত এই অঞ্চলে শিক্ষার মানোন্নয়ন ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন করা খুবই জরুরি। বর্ষাকালে অনেক শিক্ষার্থীকে নৌকার অভাবে স্কুলে আসা-যাওয়া করতে চরম বেগ পেতে হয়। যেসব প্রাথমিক স্কুলে শিক্ষার্থীদের নৌকাযোগে আসা-যাওয়া করতে হয়, ধীরে ধীরে সেসব স্কুলেই নৌকার ব্যবস্থা করা হবে।’

শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশা ব্যক্ত করেন।