ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ১

নিহতরা হলো সিএনজিচালিত অটোরিকশার যাত্রী শিশু আলিফ (৮) এবং একটি মোটরসাইকেলের অজ্ঞাতপরিচয় আরোহী (প্রায় ৫০)। আহত নারীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Ishwardi

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় একজন নারী আহত হয়েছেন। রোববার রাত ৯টার দিকে দাশুরিয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো সিএনজিচালিত অটোরিকশার যাত্রী শিশু আলিফ (৮) এবং একটি মোটরসাইকেলের অজ্ঞাতপরিচয় আরোহী (প্রায় ৫০)। আহত নারীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রূপপুর থেকে দাশুরিয়াগামী একটি সিএনজিচালিত অটোরিকশা কোলেরকান্দি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেল সেটিকে ধাক্কা দেয়। এতে শিশু আলিফ অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যায়। পরে মোটরসাইকেল আরোহী শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলে পেছন থেকে আসা একটি অজ্ঞাত যানবাহন তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু আলিফ ও মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত হন শিশুটির স্বজন এক নারী। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আহত নারীকে হাসপাতালে পাঠায়।

রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম জানান, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। প্রাথমিকভাবে একজনের পরিচয় শনাক্ত করা যায়নি। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মিয়া বলেন, নিহতদের লাশ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত অজ্ঞাত যানবাহন শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।