কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জোরপূর্বক মাদকের টাকা আদায় করতে যেয়ে ছোট ভাইয়ের তেড়ে আসা ছুরি নিয়ে দুই ভাইয়ের ধস্তাধস্তির একপর্যায়ে ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বড় ভাইকে আটক করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মঠখোলা নামা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রিয়াদ ওরফে গেন্দু (২০) ও অভিযুক্ত হৃদয় মিয়া (২২) উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের চরদেওকান্দি গ্রামের মরহুম আবুল কাশেম ওরফে কালাচাঁনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রিয়াদ দীর্ঘদিন মাদকাসক্ত ও বিভিন্ন চুরির ঘটনার সাথে জড়িত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই নিজের মা ও ভাইকে মারধর করতেন। কর্মসূত্রে বড় ভাই হৃদয় ঢাকায় বসবাস করলেও ঘটনার আগের দিন তিনি বাড়ি ফেরেন।
শনিবার রিয়াদ নেশার টাকা ও নতুন মোবাইল ফোন কেনার জন্য তার মায়ের ওপর চাপ সৃষ্টি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি মাকে মারধর শুরু করেন। এ সময় হৃদয় প্রতিবাদ করলে রিয়াদ ধারালো ছুরি নিয়ে তার দিকে তেড়ে আসেন। একপর্যায়ে দুই ভাইয়ের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় ও রিয়াদ ছুরিকাঘাতে গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাকুন্দিয়া থানার ওসি এস এম আরিফুর রহমান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হৃদয়কে আটক করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



