জনগণকে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশ ও মানুষের ভাগ্য পরিবর্তন বিএনপি সরকারের লক্ষ্য। তবে দেশকে এগিয়ে নিতে হলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি জনগণকে সঠিকভাবে গড়ে তুলতে হবে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা স্টেডিয়ামে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারীদের স্বনির্ভর ও শিক্ষিত হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী। তাদের পেছনে রেখে কোনো দেশ এগিয়ে যেতে পারে না। এ কারণে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র পরিচালনার সময় নারীদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ করে দিয়েছিলেন। বর্তমান সরকার সেই নীতি আরো এগিয়ে নিয়ে নারীদের অনার্স পর্যন্ত বিনামূল্যে পড়ার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভালো ফল করা শিক্ষার্থীদের সরকারি বৃত্তির ব্যবস্থা করা হবে।
বিভ্রান্তি সৃষ্টিকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অতীতের কর্মকাণ্ড বিবেচনা করে জনগণকে বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। যারা আজ নানা কথা বলে জনগণকে বিভ্রান্ত করছেন, তাদের অনেকে গত ১৭ বছরে রাজপথে ছিলেন না। এখন যারা সংস্কারের কথা বলছেন, গত ১৭ বছর তারা কোথায় ছিলেন-এ প্রশ্নও তোলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বাস্তবায়ন করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ে তুলতে হবে, যাতে তারা যোগ্য ও মানবিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে। দেশের কৃষি ব্যবস্থার উন্নয়ন এবং কলকারখানা প্রতিষ্ঠার মাধ্যমে বেকার যুবক-তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলেই দেশ সামনে এগিয়ে যাবে।
তিনি বলেন, বাংলাদেশকে অন্য কোনো দেশের মতো বানানোর প্রয়োজন নেই। বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। এমন রাষ্ট্র, যেখানে প্রতিটি শ্রেণি-পেশার মানুষ রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা পাবে এবং প্রত্যেকে তার মর্যাদা ও অধিকার অনুযায়ী প্রাপ্য সুবিধা পাবে।
সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ), প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, কিশোরগঞ্জ-১ আসনের এমপি মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের এমপি মো. জালাল উদ্দিন ও কিশোরগঞ্জ-৪ আসনের এমপি মো. ফজলুর রহমান প্রমুখ।



