জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : গোলাম পরওয়ার

‘জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

ওমর আলী বাবু, জয়পুরহাট

Location :

Joypurhat
জয়পুরহাটে রুকন সম্মেলনে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার
জয়পুরহাটে রুকন সম্মেলনে বক্তব্য রাখেন মিয়া গোলাম পরওয়ার |নয়া দিগন্ত

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন না হলে দেশ থেকে ফ্যাসিবাদ দূর হবে না বলে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ‘জনগণের প্রত্যাশিত পরিবর্তন বাস্তবায়নে রাষ্ট্রীয় ও রাজনৈতিক কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার নিশ্চিত করতে হবে।’

শনিবার (২২ আগস্ট) সকাল ১০টায় জয়পুরহাটের তালীমুল ইসলাম একাডেমি অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত ষান্মাসিক রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে যাতে কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শক্তি রাষ্ট্রক্ষমতা কুক্ষিগত করতে না পারে, সে জন্য কার্যকর ব্যবস্থা নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন এ পরিবর্তনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হতে পারে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক পরিবর্তন শুধু সরকার পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না; রাষ্ট্র পরিচালনার পদ্ধতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে। জনগণের প্রত্যাশা একটি ইনসাফভিত্তিক, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা।’

তিনি আরো বলেন, ‘জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। জনগণের প্রত্যাশাকে পাশ কাটিয়ে কোনো ব্যবস্থা দীর্ঘস্থায়ী ও টেকসই হতে পারে না।’

সম্মেলনে সভাপতিত্ব করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির মো: ফজলুর রহমান সাঈদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল।

সভাপতির বক্তব্যে মো: ফজলুর রহমান সাঈদ বলেন, ‘দেশের বর্তমান বাস্তবতায় জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দীন ও অধ্যাপক নজরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম, অ্যাডভোকেট মামুনুর রশিদ, রাশেদুল আলম সবুজ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন, তরবিয়ত সেক্রেটারি মাওলানা মাহমুদুল হাসান, বায়তুলমাল সেক্রেটারি হাকিকুল ইসলামসহ জেলা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।