ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন

ঝালকাঠি গাছপালা নদীনালা রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফির বলেন, সারাদেশে সবুজ বেষ্টনীতে ঝালকাঠি জেলা এক নম্বরে আছে, এটি ধরে রাখতে হবে। পরিবেশের বিরুদ্ধে আসা যেকোনো উদ্যোগকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
ছবি : নয়া দিগন্ত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝালকাঠি শহরের সুগন্ধা নদীর তীরে লিচুবাগানে মানববৃক্ষ তৈরি করলো ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলন। শুক্রবার দুপুর ১২টায় সংগঠনটি জেলার পরিবেশপ্রেমী নাগরিকদের নিয়ে হাতে-হাত মিলিয়ে একটি বৃক্ষের আদলে মানববৃক্ষ তৈরি করে।

মানববৃক্ষ থেকে লিচুবাগানের হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনার দাবি করা হয়। ঝালকাঠি শহরের ফুসফুস-খ্যাত লিচুবাগান এলাকার কিছু জমি আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে আমির হোসেন আমুর স্ত্রী ফিরোজা আমুর নামে দুইটি শিক্ষার্থীবিহীন নাম সর্বস্ব কলেজের নামে হওয়া বরাদ্দ বাতিল করে আবারো লিচুবাগানের প্রকৃতি ফিরিয়ে আনার দাবি করা হয়। এ সময় পরিবেশবাদীরা স্লোগান দেন ‘এক দফা এক দাবি- দুই কলেজ সরে যাবি’, ‘আমরা চাই আমরা চাই- লিচুবাগান ফিরে চাই।’

গাছ লাগানোর উপযোগী সময় না হওয়ায় একটি লিচুগাছকে প্রতিকী হিসেবে দাঁড় করিয়ে শিগগিরই লিচুসহ পরিকল্পিতভাবে বিভিন্ন জাতের গাছ লাগানোর ঘোষণা দেয়া হয়।

এতে উপস্থিত ছিলেন ঝালকাঠি গাছপালা-নদীনালা রক্ষা আন্দোলনের উপদেষ্টা অ্যাডভোকেট মল্লিক মোহাম্মদ নাসির উদ্দীন কবির, প্রফেসর লিয়াস সিকদার ফরহাদ, অ্যাডভোকেট সাকিনা আলম লীজা, ফাইয়াজ ইফতেখার রনি, সহ-সভাপতি আজমীর হোসেন তালুকদার, অ্যাডভোকেট আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, অ্যাডভোকেট মুনশি রেজাউল হক আজিম ও নির্বাহী সদস্য শফিউল আজম টুটুলসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ৫০ জন সদস্য। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকিরুল হক সরকার।

ঝালকাঠি গাছপালা নদীনালা রক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক ইসমাঈল মুসাফির বলেন, সারাদেশে সবুজ বেষ্টনীতে ঝালকাঠি জেলা এক নম্বরে আছে, এটি ধরে রাখতে হবে। পরিবেশের বিরুদ্ধে আসা যেকোনো উদ্যোগকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।