আন্তর্জাতিক অঙ্গনে নোবিপ্রবি শিক্ষার্থীর সাফল্যে ভিসির অভিনন্দন বার্তা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের শিক্ষার্থী মো: নিশাদ আহমেদ জীবন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ‘Beamline for Schools (BL4S) 2026’-এ বাংলাদেশকে ঐতিহাসিক সাফল্য এনে দেয়ায় অভিনন্দন জানিয়েছেন ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোবিপ্রবি শিক্ষার্থী নিশাদ আহমেদ জীবন এবং Team POLARIS-এর সদস্যরা
নোবিপ্রবি শিক্ষার্থী নিশাদ আহমেদ জীবন এবং Team POLARIS-এর সদস্যরা |নয়া দিগন্ত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (সিএসটিই) বিভাগের শিক্ষার্থী মো: নিশাদ আহমেদ জীবন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ‘Beamline for Schools (BL4S) 2026’-এ বাংলাদেশকে ঐতিহাসিক সাফল্য এনে দেয়ায় অভিনন্দন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. গোলাম রব্বানী।

বুধবার (৩ জুন) এক অভিনন্দন বার্তায় ভিসি অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, ‘ইউরোপীয় পারমাণবিক গবেষণা সংস্থা (CERN) আয়োজিত ‘BL4S 2026’ প্রতিযোগিতায় বৈশ্বিক বিজয়ী দলের কোচ হিসেবে নোবিপ্রবির সিএসটিই বিভাগের শিক্ষার্থী মো: নিশাদ আহমেদ জীবনের এই অসাধারণ অর্জন আমাদের জন্য অত্যন্ত গৌরবের। বিশ্বের ৮৯টি দেশের শত শত গবেষণা প্রস্তাবনার মধ্য থেকে বাংলাদেশের Team POLARIS-এর বিজয় আন্তর্জাতিক অঙ্গনে দেশের বিজ্ঞানচর্চা ও গবেষণা সক্ষমতার উজ্জ্বল স্বীকৃতি। এই সাফল্য শুধু নোবিপ্রবির জন্য নয়, সমগ্র বাংলাদেশের বিজ্ঞানচর্চা ও গবেষণার জন্য এক অনন্য মাইলফলক। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ গবেষকদের সক্ষমতা ও সম্ভাবনার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মো: নিশাদ আহমেদ জীবন এবং তার দল।’

ভিসি আরো বলেন, ‘একই সাথে জীবনের তত্ত্বাবধানে গঠিত আরেকটি দল বিশ্বের সেরা ৫০টি দলের মধ্যে স্থান লাভ করায় তার মেধা, নেতৃত্ব ও গবেষণামুখী চিন্তার প্রতিফলন ঘটেছে। এই অর্জন নোবিপ্রবির শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে এবং গবেষণাভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

এছাড়াও মো: নিশাদ আহমেদ জীবন এবং Team POLARIS-এর সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ভিসি। একই সাথে তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তারা বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে দেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবেন।

প্রসঙ্গত, BL4S বা Beamline for Schools হলো CERN-এর উদ্যোগে ২০১৪ সালে চালু হওয়া একটি আন্তর্জাতিক বিজ্ঞানভিত্তিক প্রতিযোগিতা। বিজয়ী দল তাদের প্রস্তাবিত গবেষণা বাস্তবায়নের জন্য CERN এবং জার্মানির আন্তর্জাতিক মানের পার্টিকেল অ্যাক্সিলারেটর গবেষণা কেন্দ্র DESY ও ELSA-তে কাজ করার সুযোগ পাবে।

বিজয়ী Team POLARIS আগামী আগস্টে জার্মানির ইউনিভার্সিটি অব বন-এর ELSA Particle Accelerator-এ তাদের গবেষণা বাস্তবায়নের সুযোগ পাবে এবং CERN পরিদর্শনেরও সুযোগ পাবে। বিশ্বের শীর্ষ গবেষকদের সাথে কাজের এই সুযোগ তাদের জন্য একটি বিরল অর্জন হিসেবে দেখা হচ্ছে।