নড়াইলের লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার নেতৃত্বে হামলায় চাচা-চাচিসহ তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানাচর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম সাইফুর রহমানের ছেলে মোহাব্বত আলী (৫৫), তার স্ত্রী করিমুন্নেচা (৪৬) ও তাদের মেয়ে শিউলি আক্তার (১৭)।
স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন জমিজমা নিয়ে মোহাব্বত আলীর সাথে তার ভাতিজা তবিবর মোল্যার পক্ষের বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার সকালে তবিবরের নেতৃত্বে রানা মোল্যা, নুরনাহার বেগম ও তামান্নাসহ চার থেকে পাঁচজন রামদা, ছ্যানদা, বল্লম ও বটি নিয়ে মোহাব্বতের বাড়িতে হামলা চালায়। হামলায় তিনজনই গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে সকলে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত মোহাব্বত বলেন, ‘ওরা দীর্ঘদিন আমাদের ভয়ভীতি দেখায়। বিভিন্ন সময়ে আমার হাঁস-মুরগি চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে থানায় একাধিক অভিযোগ দেয়া আছে ও আদালতে মামলা চলমান রয়েছে।’
তিনি বলেন, ‘এসব বিষয়ে মীমাংসার জন্য আজ বাদ আসর গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশি বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের আগেই তারা আমাদের ওপর হত্যার উদ্দেশে হামলা চালিয়েছে।’
তিনি আরো বলেন, ‘এই ন্যাক্কারজনক হামলার তীব্র প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে দাবি, দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক।’
এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুর রহমান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’



