আম পাড়াকে কেন্দ্র করে বৃদ্ধকে হত্যার অভিযোগ, আটক ২

আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় তাদের ওপর আবারো হামলা করেন প্রতিপক্ষরা। এ সময় বাধা দেয়ায় তৈয়বুরেকে পিটিয়ে হত্যা করা হয়।

Location :

Naogaon
মৃত তৈয়বুর রহমান মোল্লা
মৃত তৈয়বুর রহমান মোল্লা |নয়া দিগন্ত

মান্দা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর মান্দায় শিশুদের আম পাড়ার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে তৈয়বুর রহমান মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (৮ জুন) সকাল ৮টার দিকে উপজেলার ৩ নম্বর পরানপুর ইউপির হাটোর গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহত তৈয়বুর ওই গ্রামের মরহুম দিনা মোল্লার ছেলে।

আটকরা হলেন হাটোর মধ্যপাড়া গ্রামের সৈয়ব আলী (৬২) ও তার ছেলে স্বাধীন (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে প্রতিপক্ষ ইমরান হোসেনের ছেলে শাকিল (৮) প্রতিবেশী জালাল হোসেনের গাছ থেকে কিছু আম পাড়ে। এ নিয়ে আবদুল মোমিন ওই বাচ্চাটিকে চড়-থাপ্পড় দিলে উভয় পরিবারের মধ্যে চরম উত্তেজনা ও বিরোধের সৃষ্টি হয়।

এরই জেরে সোমবার সকালে ইমরান ও তার লোকজন সংঘবদ্ধ হয়ে আবদুল মোমিনের বাড়িতে অর্তকিতভাবে হামলা চালিয়ে ভাঙচুর করে। এ সময় বাধা দেয়ায় মেহেরুন্নেছা (৫০), মেহেদী হাসান (২৮) আবদুল মোমিন (২৬) ও শিশু রিয়ানকে (৮) পিটিয়ে জখম করে প্রতিপক্ষরা।

পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় বাড়ি সংলগ্ন পাকা রাস্তায় তাদের ওপর আবারো হামলা করেন প্রতিপক্ষরা। এ সময় বাধা দেয়ায় তৈয়বুরেকে পিটিয়ে হত্যা করা হয়।

পরিবারের অভিযোগ, সুজাত, এমরান, সুমন ও তাদের বাবা সৈয়ব আলীসহ আরো বেশ কয়েকজন মিলে তৈয়বুরকে পিটিয়ে হত্যা করে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম হত্যাকাণ্ডের বিষয়ে বলেন, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত তৈয়বুর মোল্লার লাশ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে সৈয়ব আলী ও তার ছেলে স্বাধীনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।’