দুমকিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ড্রাইভার আটক

দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা মোটরসাইকেলকে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষ হয়।

Location :

Patuakhali
আটক ট্রাকচালক মো: জাফর হোসেন
আটক ট্রাকচালক মো: জাফর হোসেন |নয়া দিগন্ত

দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর দুমকি উপজেলার লালখা ব্রিজ সংলগ্ন সড়কে ট্রাকচাপায় মাশরুফা খানম জান্নাতি (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নারী নিহত হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক জব্দ এবং চালক মো: জাফর হোসেনকে (২৮) আটক করেছে পুলিশ।

নিহত মাশরুফার বাড়ি বরগুনার আমতলী উপজেলার উত্তর টিয়াখালী এলাকায়। তিনি স্বামী কামাল হোসেনের মোটরসাইকেলে করে কর্মস্থলে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক সামনে থাকা মোটরসাইকেলকে অতিক্রম করার চেষ্টা করছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী মাশরুফা খানম জান্নাতি ছিটকে পড়ে ট্রাকের নিচে চাপা পড়েন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাশরুফাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা ট্রাক ও চালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।