আগস্ট মাসকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ফ্যাসিবাদী গোষ্ঠীর কিছু তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে উল্লেখ করে সম্ভাব্য নাশকতা ঠেকাতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২ আগস্ট) সকালে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে ২৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আহ্বান জানান।
এসময় সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে পরিত্যক্ত ব্যাগকে কেন্দ্র করে সৃষ্ট বোমা আতঙ্ক প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সর্বশেষ উদ্ধার হওয়া পরিত্যক্ত ব্যাগগুলোতে কোনো ধরনের বিস্ফোরক পাওয়া যায়নি। ফলে এ নিয়ে জনগণের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।’
তিনি বলেন, ‘গতকাল যেসব পরিত্যক্ত ব্যাগ উদ্ধার করা হয়েছে, সেগুলো পরীক্ষা-নিরীক্ষা করে কোনো বোমা বা বিস্ফোরক পাওয়া যায়নি। জননিরাপত্তার স্বার্থে কোথাও পরিত্যক্ত ব্যাগ বা সন্দেহজনক কোনো বস্তু দেখা গেলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সেগুলো পরীক্ষা করে থাকে।’
তবে আশুলিয়ায় একটি প্রেসার কুকারের ভেতর থেকে উদ্ধার হওয়া বস্তু এবং রাজধানীর মতিঝিলে পাওয়া সন্দেহজনক বস্তুর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব ঘটনার পেছনে কারা জড়িত বা কারা ইন্ধন দিচ্ছে, তা সংশ্লিষ্ট সংস্থাগুলো গুরুত্বের সাথে তদন্ত করছে।’
দেশের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গত পাঁচ থেকে ছয় মাসের অপরাধপ্রবণতার পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, তুলনামূলকভাবে নাশকতা ও এ ধরনের অপরাধের ঘটনা কমেছে। বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক নয়।’
তিনি বলেন, ‘জননিরাপত্তা নিশ্চিত করতে বোম্ব ডিসপোজাল ইউনিট ২৪ ঘণ্টা প্রস্তুত রয়েছে। একই সাথে যেকোনো ধরনের নাশকতার পরিকল্পনা প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ সতর্ক অবস্থানে রয়েছে।’



