বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়নে ‘বারিন্দ’ প্রকল্পের সূচনা কর্মশালা

বরেন্দ্র অঞ্চল দীর্ঘদিন ধরে দেশের অন্যতম খরা-প্রবণ ও কৃষি-প্রতিকূল এলাকা হিসেবে পরিচিত। কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, বারবার খরা, ভূমির অবক্ষয় এবং পানি সম্পদের ওপর বাড়তি চাপ এ অঞ্চলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
টেকসই কর্মশালা
টেকসই কর্মশালা |নয়া দিগন্ত

জলবায়ু সহনশীলতা, টেকসই পানি ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে ‘বরেন্দ্র এলাকা স্থিতিস্থাপক ও উদ্ভাবনী উন্নয়ন (বিএআরআইএনডি)’ প্রকল্পের সূচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজশাহীর একটি স্থানীয় চাইনিজ রেস্টুরেন্টে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এ কর্মশালার আয়োজন করে।


কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান কৃষিবিদ মো: হাসান জাফির তুহিন। সভাপতিত্ব করেন বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান, এনডিসি (অতিরিক্ত সচিব)।

কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিএমডিএ সদর দফতরের নির্বাহী প্রকৌশলী ও বারিন্দ প্রকল্পের ফোকাল পারসন মো: হারুন-অর-রশিদ।

তিনি বলেন, ‘বরেন্দ্র অঞ্চলের কৃষি উৎপাদন, পানি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বিএমডিএ দীর্ঘদিন ধরে কাজ করছে। আজকের কর্মশালার উদ্দেশ্য হলো অভিজ্ঞতা বিনিময়, বাস্তব চ্যালেঞ্জ চিহ্নিত করা এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে কার্যকর সমাধানের পথ খুঁজে বের করা।’

প্রধান অতিথির বক্তব্যে বিএমডিএ চেয়ারম্যান বলেন, ‘বরেন্দ্র অঞ্চল দীর্ঘদিন ধরে দেশের অন্যতম খরা-প্রবণ ও কৃষি-প্রতিকূল এলাকা হিসেবে পরিচিত। কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও জলবায়ু পরিবর্তন, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস, বারবার খরা, ভূমির অবক্ষয় এবং পানি সম্পদের ওপর বাড়তি চাপ এ অঞ্চলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।’


তিনি বলেন, ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, গ্রামীণ জীবনমান উন্নয়ন এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সরকার কাজ করছে। ‘বারিন্দ’ প্রকল্প টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি, পরিবেশ সুরক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে এসব লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

এডিবি, ওডিজি এবং বিএমডিএর যৌথ উদ্যোগে বাস্তবায়িত এ প্রকল্প বরেন্দ্র অঞ্চলের উন্নয়নে একটি মাইলফলক হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সভাপতির বক্তব্যে বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান বলেন, ‘বারিন্দ প্রকল্প শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং বরেন্দ্র অঞ্চলের দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা, কৃষি উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করার একটি সমন্বিত উদ্যোগ। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে বিএমডিএর কার্যক্রমকে আরো আধুনিক, দক্ষ ও টেকসই করতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’


কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন আইডব্লিউএমের উপ-নির্বাহী পরিচালক (অপারেশন) মো: সোহেল মাসুদ, এডিবির প্রিন্সিপাল ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ইকোনমিস্ট শিঙ্গো কিমুরা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক প্রো-ভিসি ড. চৌধুরী সারওয়ার জাহান, এডিবির প্রিন্সিপাল ইকোনমিস্ট ড. তাকাশি ইয়ামানো, রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো: নেয়ামুল বারী এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী ড. মো: আবুল কাসেম।


কর্মশালায় কৃষি মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, প্রশাসনের বিভিন্ন দফতর, বিএমডিএ, এডিবি, ড্যাসকো, রুয়েট, এলজিইডি, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, ওয়ারপো, কৃষি সম্প্রসারণ অধিদফতরসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, কৃষক ও অংশীজনেরা অংশ নেন। অনুষ্ঠানে প্রায় ৭০ জন অংশগ্রহণকারী বরেন্দ্র অঞ্চলের টেকসই উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা নিয়ে মতামত তুলে ধরেন।