জাবি প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বার্তায় অভিনন্দন জানানো হয়।
অভিনন্দন বার্তায় ভিসি জানান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ, সজ্জন এবং পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে সকলের কাছে সুপরিচিত। দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে তিনি তার মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়া তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও নেতৃত্বের প্রতি আস্থার প্রতিফলন।
ভিসি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি তার প্রজ্ঞা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা সমুন্নত রাখবেন। একই সাথে দেশের গণতন্ত্র, আইনের শাসন, জাতীয় ঐক্য ও জনকল্যাণে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখবেন। তার নেতৃত্বে বাংলাদেশের আত্মমর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে বলে ভিসি প্রত্যাশা করেন।



