ফেনীতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক র্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৬ জুন) সকালে জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মনিরা হক। জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: রুবাইয়াত বিন করিম।
র্যালিটি হাসপাতালের প্রশাসনিক ভবন থেকে বের হয়ে হাসপাতাল মোড়ে গিয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে লিফলেট বিতরণের মাধ্যমে শেষ হয়। এসময় জেলা পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: আল আমিন সরকার, ড্যাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন দুলাল ও আর এম ও ডা: রুকনুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে মনিরা হক বলেন, ‘ডেঙ্গুর করোনার মতো কোনো ভ্যাকশিনেশন নেই। ফলে আমাদের ঠেকাতে গেলে প্রতিরোধমূলক কার্যক্রমে যেতে হবে। আমাদের আশপাশে জমে থাকা পানি এডিস মশার জন্য সুইটেবল। আমাদের আশপাশে ময়লা-আবর্জনা পড়ে থাকে। আমাদেরকে আমাদের আশপাশে পানি নিষ্কাশন রাখতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে হবে। আমাদের পরিবারগুলোকেও সচেতন হতে হবে। সরকারি উদ্যোগে আমরা কাজ করতেছি। আমরা সচেতনতা মূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
ডা: রুবাইয়াত বিন করিম বলেন, ‘আমাদের নিজেদের সচেতন হতে হবে। আমরা যদি আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি তাহলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব। সুতরাং আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।’



