সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ জনে। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় কারো হাম শনাক্ত না হলেও এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮ জন।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত দেড় বছরের শিশু ইরফান সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা।
সোমবার (১ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।
বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ২৫৬ জন রোগী।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুন পর্যন্ত সিলেট বিভাগে হামে ও হাম উপসর্গে ৬১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিরা হাম উপসর্গে মারা গেছে।
এদিকে বিভাগে এখন পর্যন্ত ১৬৫ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ৮৬ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ৪২ জন, হবিগঞ্জের ২১ জন ও মৌলভীবাজারের ১৬ জন রয়েছে।
বর্তমানে সিলেট বিভাগে হাসপাতালে ভর্তিকৃত সন্দেহজনক ২৫৬ রোগীর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৭৫ জন, উইমেন্স মেডিক্যাল হাসপাতালে দু’জন, লায়ন্স শিশু হাসপাতালে তিনজন, রাগীব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে তিনজন, নর্থ ইস্ট হাসপাতালে ১৭ জন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে চারজন, শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১০ জন শিশু ভর্তি রয়েছে।



