কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যাত্রীসহ কয়েকজন আহত হন। এর কিছুক্ষণ পরেই প্রাইভেটকার চাপায় নুরুজ্জামান আকন্দ (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাহাদিয়া এলাকার পাঁচপীরের মাজারসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।
নিহত নুরুজ্জামান উপজেলার বাহাদিয়া মধ্যপাড়া গ্রামের মরহুম আব্দুল কুদ্দুস আকন্দের ছেলে। তিনি স্থানীয় বাহাদিয়া বাজারে পানের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে পাঁচপীরের মাজারের সামনের সড়কে দু’টি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কয়েকজন যাত্রী আহত হন। তাদের উদ্ধারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। এ ঘটনার কয়েক’শ গজ দূরে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় কিশোরগঞ্জগামী একটি প্রাইভেটকারের ধাক্কায় নুরুজ্জামান আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় স্থানীয় জনতা ঢাকা-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করেন ও একটি প্রাইভেটকার ও একটি সিএনজিতে আগুন ধরিয়ে দেন। এতে প্রায় তিন ঘণ্টা ঢাকা-কিশোরগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপুর দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
নিহতের ভাগনে এনামুল হক জানান, তার মামা স্থানীয় বাহাদিয়া বাজারের পানের ব্যবসায়ী ছিলেন। ঘটনার দিন সকালে পানের বরজে কাজ করার জন্য বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় প্রাইভেটকার চাপায় তিনি নিহত হন।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘একই স্থানে পরপর দু’টি দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন ও কয়েকজন আহত হয়েছেন। একটি প্রাইভেটকার ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। প্রাইভেটকার চালককে আটক করে বিচারিক কার্যক্রমের জন্য কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’



