মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশী নিহত হয়েছেন।
শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তসংলগ্ন নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, স্থানীয় সূত্রে জানা গেছে, নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর রহমান ভারতীয় সীমান্তের ভেতরে চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রাত ৯টা পর্যন্ত নিহতের লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল বলে জানান তিনি।
এদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিষয়টি সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
ঘটনাটি নিয়ে সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



