ঢাকার ধামরাইয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকায় দুইটি ক্লিনিক ও দুইটি হাসপাতালকে, অস্বাস্থ্যকর পরিবেশ থাকায় দুইটি খাবার হোটেলকে এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকায় একটি ফার্মেসিকে মোট এক লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ মে) উপজেলার কালামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অভিসারের (ইউএনও) ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে ধামরাইয়ের কালামপুরে ইসলামিয়া হাসপাতালকে ১০ হাজার টাকা, পদ্মা জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা, অ্যাপোলো ক্লিনিককে পাঁচ হাজার টাকা ও জনতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় একই এলাকার দুইটি খাবার হোটেলকে ৬০ হাজার টাকা ও একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো: আল মামুন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ইউএনও মো: আল মামুন বলেন, অভিযানে হাসপাতাল ও ক্লিনিকগুলোকে দ্রুত অনুমোদন নিয়ে সরকারি নিয়মে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় এসব হাসপাতাল সিলগালা করে দেয়া হবে বলে সতর্ক করা হয়।



