ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশনে রাজশাহীর ছেলে ত্বাকির বিশ্বজয়

গত ২১-২৫ জুন লন্ডনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন। এতে বাংলাদেশের প্রতিনিধিদলে স্থান পাওয়া ১১ জন শিক্ষার্থীর মধ্যে নয়জন গোল্ড মেডেল এবং দু’জন সিলভার মেডেল অর্জন করেন।

আব্দুল আউয়াল, রাজশাহী ব্যুরো

Location :

Rajshahi
সাঈদ ইবনে ত্বাকি
সাঈদ ইবনে ত্বাকি |নয়া দিগন্ত

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরো একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশনে (আইইএলসি) বিশ্বের ৭১টি দেশের প্রতিযোগীদের সাথে লড়াই করে বাংলাদেশ দল অর্জন করেছে গৌরবময় গোল্ড মেডেল।

আর এই ঐতিহাসিক সাফল্যের অংশীদার হয়ে রাজশাহীর শিক্ষা অঙ্গনকে গর্বিত করেছে রাজশাহী নগরীর মসজিদ মিশন অ্যাকাডেমির (স্কুল অ্যান্ড কলেজ) দশম শ্রেণির শিক্ষার্থী সাঈদ ইবনে ত্বাকি। বাংলাদেশ দলের ১১ সদস্যের মধ্যে রাজশাহী বিভাগের একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নিয়ে তিনি অর্জন করেছেন গোল্ড মেডেল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২১-২৫ জুন লন্ডনে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক ইংলিশ ল্যাঙ্গুয়েজ কম্পিটিশন। এতে বাংলাদেশের প্রতিনিধিদলে স্থান পাওয়া ১১ জন শিক্ষার্থীর মধ্যে নয়জন গোল্ড মেডেল এবং দু’জন সিলভার মেডেল অর্জন করেন। যা দেশের জন্য এক অনন্য সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

সাঈদ ইবনে ত্বাকি রাজশাহী মহানগরীর হেতেমখা শাহাজীপাড়া এলাকার বাসিন্দা আবু সাঈদ ও ফরিদা ইয়াসমিন দম্পতির সন্তান। তিনি বর্তমানে মসজিদ মিশন অ্যাকাডেমির (স্কুল অ্যান্ড কলেজ) দশম শ্রেণিতে অধ্যয়নরত।

জানা গেছে, জাতীয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্যের মাধ্যমে ত্বাকি রাজশাহী বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করে। তার এই কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য নির্বাচিত বাংলাদেশের ১১ সদস্যের দলে স্থান লাভের পাশাপাশি তিনি বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেয়ার গৌরবও অর্জন করেন।

ত্বাকির এই অসামান্য অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে মসজিদ মিশন অ্যাকাডেমি পরিবার। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তার এই আন্তর্জাতিক সাফল্য শুধু প্রতিষ্ঠানটির জন্য নয়; বরং পুরো রাজশাহী বিভাগ ও বাংলাদেশের জন্যও অত্যন্ত গৌরবের বিষয়।

প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা ত্বাকির এই অনন্য সাফল্যে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। একইসাথে তার অভিভাবক ও শিক্ষকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, যাদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণায় এই সাফল্য সম্ভব হয়েছে।

মসজিদ মিশন অ্যাকাডেমি কর্তৃপক্ষ মনে করছে, ত্বাকির এই অর্জন প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষার্থীদেরও আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের মেধা ও যোগ্যতা তুলে ধরতে অনুপ্রাণিত করবে। তারা সাঈদ ইবনে ত্বাকির উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

মসজিদ মিশন অ্যাকাডেমির (স্কুল অ্যান্ড কলেজ) অধ্যক্ষ অধ্যাপক শাহাদাৎ হোসাইন বলেন, ‘সাঈদ ইবনে ত্বাকির এই আন্তর্জাতিক সাফল্য আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয়। বিশ্বের ৭১টি দেশের প্রতিযোগীদের মধ্যে গোল্ড মেডেল অর্জন করে সে শুধু আমাদের প্রতিষ্ঠান নয়, রাজশাহী বিভাগ ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। আমরা তার উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।’