গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে সীমান্ত সংলগ্ন এলাকার জনসাধারণকে আগাম সতর্ক ও সচেতন করার লক্ষ্যে মাইকিং করেছে বর্ডারগার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবি।
শুক্রবার (৬ জুন) দিবাগত রাত ২টার দিকে সংগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী লালমাটি, মোহাম্মদপুর, গুচ্ছগ্রাম, মামার বাজার, জাফলং জিরো পয়েন্ট ও বল্লাঘাট এলাকায় ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে এ মাইকিং করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, ভারত থেকে অবৈধ অনুপ্রবেশ বা পুশইন ঠেকাতে সীমান্ত সংলগ্ন এলাকার জনসাধারণকে আগাম সতর্ক ও সচেতন করার লক্ষ্যে গভীর রাতে আকস্মিক এই মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকা এবং সন্দেহভাজন কাউকে দেখলে তাৎক্ষণিক বিজিবিকে জানানোর আহ্বান জানানো হয়।
পাশাপাশি সীমান্তে যেকোনো ধরনের অবৈধ পারাপার রোধে বিজিবির টহল ও নজরদারি জোরদার রয়েছে বলেও বিজিব কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।



