নোয়াখালীতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন
নোয়াখালীতে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান খুরশীদ আলমের নিয়োগ বাতিলের দাবি ও ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ওমর ফারুক খানের পদত্যাগে বাধ্য করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে নোয়াখালী গ্রাহক ফোরামের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টার দিকে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, রাতের আঁধারে অনলাইনে পরিচালনা পর্ষদ সভা করে এমডিকে পদত্যাগের নাটক তৈরী করা হয়েছে। ব্যাংক লুটপাটকারী ও স্বৈরাচারের অন্যতম সহযোগী মো: খুরশীদ আলমের নিয়োগ বাতিল করে দক্ষ ও গ্রহণযোগ্যতার ভিত্তিতে ব্যাংকের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।

বক্তারা আরো বলেন, শরিয়াহভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনায় স্থিতিশীলতা ও গ্রাহকদের আস্থা বজায় রাখা প্রয়োজন।

তারা বলেন, ব্যাংকিং খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে এবং কেন্দ্রীয় ব্যাংককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসাথে তারা ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠনে পেশাদার ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করার আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং এস আলম গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করার পাশাপাশি পাচারকৃত টাকা ফিরিয়ে আনার দাবি জানান।

মানববন্ধনে নোয়াখালী ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি ফিরোজ মাহমুদ, উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ মুনির, অ্যাডভোকেট আতিক উল্যাহ, অ্যাডভোকেট ওমর ফারুক জাবেরসহ শত শত গ্রাহক অংশ নেন।