হালুয়াঘাটে মাদক আসরে ছুরিকাঘা‌তে যুবক খুন

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক সেবনকে কেন্দ্র করে বন্ধুমহলে ভয়াবহ রক্তক্ষয়ী দ্বন্দ্বের জেরে হেলাল উদ্দিন (৩৩) নামে এক যুবককে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

ময়মনসিংহ অফিস

Location :

Mymensingh
হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ
হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ময়মনসিংহ |নয়া দিগন্ত

ময়মনসিংহের হালুয়াঘাটে মাদক সেবনকে কেন্দ্র করে বন্ধুমহলে ভয়াবহ রক্তক্ষয়ী দ্বন্দ্বের জেরে হেলাল উদ্দিন (৩৩) নামে এক যুবককে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের গরুর বাজার এলাকায় ঘটে এ নৃশংস ঘটনা।

নিহত হেলাল উদ্দিন উপজেলার পূর্ব কাচারিপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে গরুর বাজার এলাকায় শরিফুলের বাড়িতে কয়েকজন যুবক একত্র হয়ে আড্ডা দিচ্ছিলেন। একপর্যায়ে মাদক সেবন নিয়ে হেলাল ও শরিফুলের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। তর্ক দ্রুতই সহিংস রূপ নেয়।

অভিযোগ উঠেছে, শরিফুলের নেতৃত্বে সংঘবদ্ধভাবে হেলালের ওপর হামলা চালানো হয় এবং তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় প্রাণ বাঁচাতে হেলাল পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। কিন্তু তাতেও রক্ষা হয়নি। হামলাকারীরা তাকে ধাওয়া করে সেখানে গিয়েও পুনরায় হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, ‘একসাথে বসে মাদক সেবনের সময় তর্ক শুরু হয়, পরে সেটাই হত্যাকাণ্ডে রূপ নেয়।’

তবে তিনি দাবি করেন, নিহত হেলাল নিয়মিত মাদকাসক্ত ছিলেন না।

নিহতের ভাই আল আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই।’

হালুয়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। মাদক সংশ্লিষ্টতা আছে কিনা, তা যাচাই করা হচ্ছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

স্থানীয়দের অভিযোগ, এলাকায় মাদক সেবন ও বখাটেপনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় এ ধরনের সহিংস ঘটনা দিন দিন বাড়ছে। প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকলে পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন তারা।