তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘একটা জ্ঞানভিত্তিক প্রজন্ম তৈরি করার কাজকে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করছি।’
তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তা ও বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং প্রযুক্তিনির্ভর সমাধান তৈরি করার দক্ষতা ও যোগ্যতা গড়ে উঠবে। আমরা আমাদের শিক্ষা কারিকুলামকে সেভাবেই পুনর্গঠন করতে চাচ্ছি, নতুন করে কাঠামো দিতে চাচ্ছি।’
শুক্রবার (১২ জুন) সকালে বরিশালের গৌরনদীতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের ‘স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি’র উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ‘একটি বিজ্ঞানভিত্তিক গবেষণা ও প্রযুক্তিনির্ভর সমস্যা সমাধানের যে ক্ষমতা, পাঠ্যপুস্তকে যেন সেই কারিকুলামটা থাকে। সেভাবেই কারিকুলামকে সাজানোর কথা চিন্তা করছে সরকার।’
গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইব্রাহীমের সভাপতিত্বে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস) এসিডিটি‘র উদ্যোগে সকাল ১০টায় গৌরনদী উপজেলা পরিষদ অডিটরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাহবুব আলম, উপজেলা আইসিটি অফিসার বিপ্লব কুমার দেবনাথ, উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার গৌরাঙ্গ প্রসাদ গাইন, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার।
এতে বক্তব্য রাখেন সরকারি গৌরনদী কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী বাঁধন সাহা, আগৈলঝাড়া কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী জ্যোতি সোম প্রমুখ।



