নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) চ্যান্সেলর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ডুয়েটের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।
শুক্রবার (২১ আগস্ট) এক অভিনন্দন বার্তায় ডুয়েট ভিসি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন অভিজ্ঞ, প্রাজ্ঞ ও পরিশীলিত রাজনীতিবিদ হিসেবে সর্বমহলে সুপরিচিত। দীর্ঘ রাজনৈতিক ও কর্মজীবনে তিনি মেধা, প্রজ্ঞা, দূরদর্শিতা ও নেতৃত্বের মাধ্যমে দেশের রাজনীতি ও জনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন প্রাজ্ঞ ও বর্ষীয়ান রাজনীতিবিদ হিসেবে রাষ্ট্রের কর্ণধার নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত।
ভিসি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া তার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও বলিষ্ঠ নেতৃত্বের প্রতি জাতির আস্থার প্রতিফলন। তার প্রজ্ঞাবান, বিচক্ষণ ও বলিষ্ঠ নেতৃত্ব দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নবদিগন্তের সূচনা করবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার যথাযথ প্রতিফলন ঘটাবে বলে প্রত্যাশা করছি।
তিনি আরো বলেন, রাষ্ট্রপতির সুদীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও প্রজ্ঞা দেশের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চ্যান্সেলর হিসেবে তার বহুমুখী ও দূরদর্শী দিকনির্দেশনায় দেশের বিশ্ববিদ্যালয়গুলো উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, গবেষণার প্রসার, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তির প্রায়োগিক ব্যবহার এবং আন্তর্জাতিক মানের উদ্ভাবনী জ্ঞান সৃষ্টিতে আরো এগিয়ে যাবে।
অভিনন্দন বার্তায় ডুয়েট ভিসি আশা প্রকাশ করেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদের মর্যাদা সমুন্নত রাখবেন। একইসাথে গণতন্ত্র সুসংহতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, জাতীয় ঐক্য ও জনকল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরো আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতির নেতৃত্বে বাংলাদেশের আত্মমর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে।
বার্তার শেষে ডুয়েট ভিসি নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং দেশ ও জাতির কল্যাণে তার নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।



