চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুনসুর আলম মিরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া এলাকার বাসিন্দা। তিনি সন্ধানী লাইফ ইন্সুরেন্সে কর্মরত ছিলেন।
ঘটনার পর কাভার্ড ভ্যানটি জব্দ ও চালক মো: সোলায়মানকে আটক করেছে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। চালক সোলায়মান কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মরহুম আবদুল বারেকের ছেলে।
নিহতের ভাতিজা সাকিব হোসাইন বলেন, শুক্রবার সকালে বাজার করার জন্য চাচা মুনসুর আলম মিঠাছরা বাজারে যান। বাজার করে ফেরার পথে পেছন থেকে আসা বেপরোয়া গতির একটি কার্ভাড ভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে ডাইনামিক হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। পরে সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নেয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শুক্রবার বাদ মাগরিব জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি দুই ছেলেসন্তানের জনক ছিলেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শরীফুজামান ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান জব্দ ও চালককে আটক করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



