মান্দায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আটক ৪

আব্দুল হামিদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে।

এম এম হারুন আল রশীদ হীরা, মান্দা (নওগাঁ)

Location :

Manda
আটক হত্যার সাথে জড়িত চার অভিযুক্ত
আটক হত্যার সাথে জড়িত চার অভিযুক্ত |নয়া দিগন্ত

নওগাঁর মান্দায় জমি নিয়ে বিরোধের জের ধরে আবদুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল হামিদ ছুটিপুর পশ্চিমপাড়া গ্রামের মেহের আলী শাহের ছেলে।

এ ঘটনার জড়িত থাকার অভিযোগে হায়দার আলী শাহ (৬২), আপেল মাহমুদ (২৬), আলেফা বিবি (৫০) ও আবদুল মতিনকে (৪০) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, আব্দুল হামিদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিবেশী হায়দার আলী শাহের বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা চলছে। রোববার সকালে হায়দার আলী শাহের নেতৃত্বে দলবলসহ দেশীয় অস্ত্র নিয়ে বিবাদমান জমিতে হালচাষ করতে যান। এ সময় আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়।

স্থানীয় বাসিন্দা উজ্জল হোসেন বলেন, আব্দুল হামিদের ভোগদখলীয় জমি জবরদখল করতে হায়দার আলী সঙ্ঘবদ্ধ হয়ে হালচাষ করতে যান। জানতে পেরে আব্দুল হামিদ বাধা দিতে গেলে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়।

সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহত আব্দুল হামিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে নিহত আবদুল হামিদের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত চারজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।