বরিশালের গৌরনদীতে তিন দিন ধরে নিঁখোজ থাকা রেজাউল হাওলাদার (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে গৌরনদী মডেল থানা পুলিশ।
রোববার (৭ জুন) স্থানীয়রা উপজেলার পশ্চিম খাঞ্জাপুর এলাকার ৬ নম্বর ওয়ার্ড এলাকার একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।
রেজাউল পেশায় একজন নির্মাণ শ্রমিক ও পশ্চিম খাঞ্জাপুর গ্রামের বাসিন্দা মরহুম রতন হাওলাদারের ছেলে।
পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ জুন রেজাউল হাওলাদার নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে কোনো সন্ধান না পেয়ে গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়রি করে। রোববার স্থানীয়রা পশ্চিম খাঞ্জাপুর এলাকার একটি ডোবায় তার লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দুপুর ১টায় লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করেছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
গৌরনদী মডের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে। কি কারণে যুবকের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। হত্যা না আত্মহত্যা তা তদন্ত চলছে।



