লালমনিরহাটে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির ওপর সন্ত্রাসী হামলা

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্থানে গিয়ে একজনকে আটক করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

Location :

Lalmonirhat
হামলায় আহত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়
হামলায় আহত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোকুল রায় |নয়া দিগন্ত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোকুল রায় (৮০) সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মনকে (২৮) আটক করে থানা হেফাজতে নিয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বড়ুয়া এলাকায় তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলার শিকার সিনিয়র সাংবাদিক গোকুল রায় এখন লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত সাংবাদিকের ছেলে অয়ন জ্যোতি রায় বাদী হয়ে মঙ্গলবার বিকালেই সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা যায়, প্রতিবেশী যিতিন্দ্রনাথ বর্মনের সাথে দীর্ঘদিন থেকে সাংবাদিক গোকুল রায়ের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। অনেকদিন থেকে যিতিন্দ্রনাথ বর্মন ও তার লোকজন সাংবাদিক গোকুল রায়কে হুমকি ধমকি দিয়ে আসছে। মঙ্গলবার দুপুরে তাকে বাড়িতে একা পেয়ে যিতিন্দ্রনাথ বর্মনের ছেলে অনিমেশ বর্মন লোকজন নিয়ে হামলা চালায়। এ সময় বৃদ্ধ সাংবাদিককে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। হামলায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে অভিযুক্তরা তার গলা চেপে ধরে শ্বাস রোধ করার চেষ্টা চালায়। এসময় প্রতিবেশীরা এসে সাংবাদিককে আহত অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় প্রতিবেশী শাহজাহান মণ্ডল জামান, অভিযুক্তরা হঠাৎ দল-বল নিয়ে এসে হামলা চালিয়েছে। বৃদ্ধ সাংবাদিককে তারা পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে ফোলা রক্তাক্ত জখম করেছে। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।

হাসপাতালের বিছানায় আহত বয়োজ্যেষ্ঠ সাংবাদিক গোকুল রায় জানান, দীর্ঘদিন থেকে আমার গ্রামের বাড়ি সদর উপজেলার বড়ুয়া এলাকায় আমার মায়ের নামে থাকা ৪৫ শতাংশ জমি বেদখল করে ভোগদখল করে আসছে। ওই জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এরই জেরে বিনা উষ্কানিতে হামলা চালিয়ে আমাকে আহত করেছে। এ ঘটনায় আমার ছেলে থানায় অভিযোগ দিয়েছে। একজন আটক রয়েছে। আমি হামলাকারীদের বিচার চাই।

এ ঘটনায় অভিযুক্তরা পলাতক রয়েছেন। মোবাইল ফোন বন্ধ থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, সাংবাদিকের ওপর হামলার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনা স্থানে গিয়ে একজনকে আটক করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।