পটুয়াখালীর মহিপুর থানার খাপড়াভাঙ্গা গ্রামে সালাউদ্দিন হাওলাদার নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে মৃত ভেবে ফেলে রেখে নগদ ৭২ হাজার টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ মে) রাত প্রায় ৯টার দিকে নিজ বাড়ির পুকুরপাড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত সালাউদ্দিন হাওলাদারের স্ত্রী মোসা: তহমিনা অভিযোগ করে জানান, তার স্বামী গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে পূর্ব বিরোধের জের ধরে ইয়াসিন গাজী, তার পিতা আমির গাজী ও ভাই ইব্রাহিম গাজী এ হামলা চালায়।
হামলাকারীরা তার স্বামীর সাথে থাকা ৭২ হাজার টাকা ছিনিয়ে নেয় বলেও দাবি করেন তিনি।
কলাপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আব্দুল মালেক জানান, ধারালো অস্ত্রের আঘাতে আহত ব্যক্তির বুকের ভেতরে গুরুতর ক্ষত সৃষ্টি হয়েছে এবং ফুসফুস পর্যন্ত আঘাত লেগেছে। এছাড়া দুই হাতের বাহুতেও গভীর কোপের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক।
এ বিষয়ে মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শামীম হাওলাদার জানান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



