চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে কৃষকদের জন্য বরাদ্দ করা সরকারি প্রণোদনার ৫৪ বস্তা সার চুরি হওয়ার খবর পাওয়া গেছে। বিএডিসি গোডাউন থেকে এনে উপজেলা পরিষদ চত্বরে অরক্ষিত অবস্থায় রাখার কারণেই এ চুরি বলে অভিযোগ ওঠেছে। পরিস্থিতি সামাল দিতে ব্যক্তিগত উদ্যোগে সার কিনে কৃষকদের দেয়ার ব্যবস্থা করেন উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান।
রোববার (২৩ আগস্ট) সদর উপজেলা কৃষি অফিস সূত্রে এ চুরির ঘটনা সম্পর্কে জানা যায়।
এর আগে, রোববার সকালে প্রণোদনার সার নিতে বিভিন্ন এলাকা থেকে সদর উপজেলা পরিষদ চত্বরে আসেন শত শত কৃষক। কৃষি অফিসের কর্মকর্তারা প্রথমে সার দেয়ার কথা বলে কৃষকদের স্বাক্ষর ও টিপসই সংগ্রহ করেন। তবে স্বাক্ষর নেয়া শেষ হতেই কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়, সার চুরি হয়ে গেছে, তাই সার পেতে পরদিন আসতে হবে।
প্রশাসনের এমন দায়িত্বজ্ঞানহীনতায় ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত কৃষকরা। তারা পরদিনের বদলে সেদিন বিকেল ৪টার মধ্যেই সার দেয়ার দাবি জানান। এসময় কৃষকরা বিক্ষোভের সিদ্ধান্ত নিলে উপজেলা পরিষদ চত্বরে উত্তেজনা দেখা দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান জানান, উদ্ভূত পরিস্থিতিতে ব্যক্তিগত উদ্যোগে সার কিনে কৃষকদের দেয়ার ব্যবস্থা করা হয়েছে। চুরি হওয়া সার উদ্ধারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের পরামর্শে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, এ ঘটনায় অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহিনুজ্জামানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।



