মালয়েশিয়ার কুয়ালালামপুরে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে আল আমিন মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা।
গত বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে কুয়ালালামপুর শহরে এক ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় তার মৃত্যু হয়।
আল আমিন উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের নিমুক পুরুড়া গ্রামের মরহুম শামসু মিয়ার ছেলে।
আল আমিনের স্ত্রী আয়েশা আক্তার বলেন, ‘গত সাড়ে আট বছর ধরে আমার স্বামী মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। ছুটি পেলেই তিনি বাড়িতে আসতেন। আমাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। আমাদের ছোট মেয়ের বয়স মাত্র তিন মাস। ছোট ছোট ছেলেদের নিয়ে কিভাবে সংসার চালাব। সন্তানদের লেখাপড়া ও ভরণপোষণ নিয়ে আমি ভীষণ চিন্তিত।’
তিনি আরো বলেন, ‘আমার স্বামীর লাশটি দ্রুত বাড়িতে আনার জন্য সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করছি।’



