মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় আওয়ামী লীগের উপদেষ্টা হিসেবে পরিচিত আলী হোসেন লাবুর বিরুদ্ধে ভূমি দখল, মাদক সংশ্লিষ্টতা ও বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা।
রোববার (৭ জুন) উপজেলার জৈনসার ইউনিয়নে সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় আলী হোসেন লাবু রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় জমি দখল, সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন।
তারা দাবি করেন, সম্প্রতি থানা ভাঙচুর ও জুলাই আন্দোলনে ছাত্র হত্যা মামলায় কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে এলাকায় ফিরে তিনি পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং স্থানীয়দের হুমকি-ধামকি দিচ্ছেন।
বক্তারা আরো অভিযোগ করেন, কাঠালতলী ঈদগাহের জমি, সরকারি কমিউনিটি ক্লিনিকের জায়গাসহ স্থানীয়দের ব্যক্তিগত সম্পত্তি দখলের সাথে তিনি জড়িত।
এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন সিরাজদিখান থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক তৌহিদুজামান টিটু, তাতীদল সিরাজদিখান থানার যুগ্ম আহ্বায়ক খবির শেখ, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক খবির হাওলাদার, স্থানীয় বাসিন্দা সারওয়ার হোসেন তৌহিদ এবং জৈনসার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক জোছনা বেগম।
বক্তারা বলেন, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা গ্রহণ না করা হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
তবে এ বিষয়ে আলী হোসেন লাবুর বক্তব্য জানা সম্ভব হয়নি। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।



