চট্টগ্রামে ট্রাকে ট্রেনের ধাক্কা : ৪ ঘণ্টা পর স্বাভাবিক রেল যোগাযোগ

চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি বালুবাহী পিকআপভ্যানের সংঘর্ষে প্রায় ৪ ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম রেলপথে বিঘ্ন ঘটে। অবৈধ ক্রসিংয়ে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও উদ্ধার ও মেরামত কাজ শেষে দুপুরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
দুর্ঘটনাকবলিত ট্রাক ও ট্রেন
দুর্ঘটনাকবলিত ট্রাক ও ট্রেন |নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাথে একটি বালুবাহী পিকআপভ্যানের সংঘর্ষে প্রায় ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় সচল হয়েছে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম রেলপথ।

রোববার (৭ জুন) সকাল ৯টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে কর্মকর্তা ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেললাইনের পূর্ব পাশে থাকা একটি পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে একটি পিকআপভ্যান রেললাইন পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটির সাথে পিকআপটির সংঘর্ষ হয়। তবে এতে কোনো হতাহত হয়নি। দুর্ঘটনার আগমুহূর্তে চালক লাফ দিয়ে বের হয়ে যাওয়ায় প্রাণে রক্ষা পেয়েছেন।

দুর্ঘটনার কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে চট্টগ্রামমুখী লেনে ট্রেন চলাচল ব্যাহত হয়। প্রথমে উভয় লাইনে চলাচল বন্ধ থাকলেও পরে ঢাকামুখী লাইন দিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু হয়। তবে চট্টগ্রামমুখী লাইন থেকে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে লাইন মেরামতের কাজ শেষ করতে সময় লাগায় প্রায় ৪ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেলওয়ে পূর্বাঞ্চলের ফেনী এলাকার দায়িত্বপ্রাপ্ত সহকারী নির্বাহী প্রকৌশলী জয়দেব শীল বলেন, ‘একটি অবৈধ ক্রসিং দিয়ে পিকআপভ্যানটি রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হবে। পাশাপাশি ওই স্থানে অবৈধ পারাপার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

তিনি জানান, দুর্ঘটনার পর রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ দ্রুত উদ্ধার ও মেরামত কাজ পরিচালনা করে। পরে দুপুর ১টার দিকে উভয় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হলে ঢাকা-চট্টগ্রাম রেলপথে যোগাযোগ ব্যবস্থা পুরোপুরি সচল হয়।