নড়াইলে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে জয়নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য মনি মিয়া শেখকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে নড়াইলের নড়াগাতী থানার পানিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনি মিয়া চর-জয়নগর গ্রামের সোনা মিয়া শেখের ছেলে।
নিহত মনি মিয়ার মেয়ে বৈশাখী (১৯) জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় পুঠিমারি বাজার থেকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে পানিপাড়া গ্রামের জাহিদ মেম্বারের বাড়ির সামনের রাস্তায় তার বাবার হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়। প্রথমে আহত অবস্থায় তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে ঢাকায় নেয়ার পর শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বৈশাখী অভিযোগ করেন, প্রতিপক্ষ আনসার জমাদ্দার, মামুন জমাদ্দার, ইসরাফিল, সদর শেখ, সাদ্দাম, রাজু, রোমান, ফহম সিকদারসহ তাদের লোকজন মনি মিয়াকে কুপিয়ে হত্যা করেছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘মনি মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’



