ভূমিমন্ত্রী মো: মিজানুর রহমান মিনু বলেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্রের জন্য আন্দোলন করেছেন বলে মন্তব্য করেছেন। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই করতে করতেই তিনি চিরদিনের জন্য আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) প্রতিষ্ঠিত হয়েছিল।’
শনিবার (২২ আগস্ট) বেলা সোয়া ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টারে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপির কার্যক্রম উদ্বোধনের নামফলকটি পুনঃস্থাপন ও উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়া কর্তৃক আরএমপির কার্যক্রম উদ্বোধনের পুনঃস্থাপিত নামফলকটি উন্মোচন করেন। পরে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, ‘১৯৯২ সালে বেগম খালেদা জিয়া রাজশাহীতে এসে আরএমপির কার্যক্রম উদ্বোধন করেন এবং আরএমপি হেডকোয়ার্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। প্রতিষ্ঠার পর থেকে আরএমপি আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’
বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে ভূমিমন্ত্রী বলেন, ‘আজকের এ দিনে আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের মাকে জান্নাতবাসী করুন। শুধু বাংলাদেশের মানুষ নয়, সমগ্র জাতিই আজ তার জন্য কেঁদেছে।’
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত বিএনপি সরকারের আমলে রাজশাহীর মানুষ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ছিল। পরবর্তী সময়ে সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক কারবারের মাধ্যমে বিভিন্ন চক্র বিপুল অর্থ-সম্পদের মালিক হয়েছে। মাদক ও মাদককারবারিরা দেশ ও জাতির শত্রু। এসব অপরাধী চক্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে।’
ভূমিমন্ত্রী বলেন, ‘আজকের এ শুভদিনে আমার সব সহকর্মীকে অনুরোধ করব, রাজশাহীর পরিবেশ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। ইতোমধ্যে আরএমপি জনগণের আস্থা অর্জন করেছে। আমরা জনপ্রতিনিধিরা এখানে আছি। আইন তার নিজস্ব গতিতে চলবে। এ বিষয়ে আমরা কেউ আপনাদের কোনো ধরনের চাপ দেব না। আমার সন্তান যদি কোনো অন্যায় করে, তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেবেন।’
তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের কল্যাণে কাজ করছেন। তার নেতৃত্বে দেশ সুখী, সমৃদ্ধ ও উন্নত হবে বলে আমি আশাবাদী।’
আরএমপি কমিশনার মো: ফয়েজুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, সাবেক মেয়র ও বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী-৩ আসনের এমপি শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো: মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ইউসুফ আলী, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম, মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ মামুন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, রাজশাহী জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমানসহ প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯২ সালের ১ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আরএমপির কার্যক্রম উদ্বোধন করেন। একই সময়ে তিনি আরএমপি সদরদফতরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।



