সিলেটে হামে ঝরলো আরেক শিশুর প্রাণ, মৃত্যু বেড়ে ৬৫

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৬৪ জন শিশু।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুরা, (ইনসেটে) চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসকরা
হাসপাতালে ভর্তি হাম আক্রান্ত শিশুরা, (ইনসেটে) চিকিৎসাসেবা দিচ্ছেন চিকিৎসকরা |নয়া দিগন্ত

সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।

সিলেটের জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৯ মাস বয়সী শিশু সালেহ আহমদ সিলেট জেলার কানাইঘাট উপজেলার বাসিন্দা।

শনিবার (৬ জুন) এর সত্যতা নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় তিনজনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৭৭ জন।

এদিকে বিভাগে এখন পর্যন্ত ২৫৬ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১৪৩ জন সুনামগঞ্জ জেলার, সিলেটের ৭৬ জন, হবিগঞ্জের ২১ জন ও মৌলভীবাজারের ১৬ জন।

বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় সূত্র জানিয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ জুন পর্যন্ত সিলেট বিভাগে হাম ও হাম উপসর্গে ৬৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন ২২ বছর বয়সী নার্স এবং বাকি ৬৪ জন শিশু। ৬৫ জনের মধ্যে চারজনের হাম নিশ্চিত হলেও বাকিদের মৃত্যু হয়েছে হাম উপসর্গে।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে মোট ৩১৫ জন রোগী। এর মধ্যে সর্বোচ্চ ১২৩ জন ভর্তি রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯৬ জন, উইমেন্স মেডিক্যাল হাসপাতালে একজন, রাগীব-রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ১১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে দু’জন, নর্থ ইস্ট হাসপাতালে আটজন, পার্কভিউ মেডিক্যাল হাসপাতালে ছয়জন, আল হারামাইন হাসপাতালে একজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৩ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৪ জন ও মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ২৪ জন ভর্তি রয়েছে।