বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ জেলায় আটজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জুলাই) সকাল, দুপুর ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।
এর মধ্যে গাইবান্ধার গোবিন্দগঞ্জে গাছ কাটার সময় দু’জন, ময়মনসিংহের ত্রিশালে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সাথে রডের স্পর্শ লাগায় দু’জন, নওগাঁর পোরশায় পানি সেচের জন্য মোটর সেট করতে গিয়ে দু’জন, চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মোটর চালু করতে গিয়ে একজন ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সেচ পাম্প দিয়ে কৃষি জমিতে পানি দিতে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো তথ্য অনুযায়ী—
গাইবান্ধা
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের দাড়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— হরিরামপুর পাথারেপাড়া গ্রামের আইবুদ্দির ছেলে মওলা (৩৫) ও দাড়াপাড়া গ্রামের বছির উদ্দীনের ছেলে আজিমুদ্দীন (৬০)।
স্থানীয় সূত্রে জানা যায়, মওলা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাছের ডাল কাটার কাজ করতেন। বুধবার সকাল ১০টার দিকে দাড়াপাড়া এলাকায় একটি নারকেল গাছ কাটার কাজ করছিলেন তিনি। এ সময় গাছটি পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের উপর পড়ে যায়। এতে বিদ্যুতের তার ছিঁড়ে যায়। পরে গাছটি সরানোর চেষ্টা করলে মওলা ও আজিমুদ্দীন বিদ্যুৎস্পৃষ্ট হন।
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মওলা ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আজিমুদ্দীনকে গাইবান্ধা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ময়মনসিংহ
ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সাথে রডের স্পর্শ লাগায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে ত্রিশাল পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দাইপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ঈশ্বরগঞ্জ উপজেলার তাড়াইল এলাকার রতনের ছেলে জিসান (১৮) ও বিরামপুর ভাটিপাড়া এলাকার মরহুম ইব্রাহিমের ছেলে সিরাজুল ইসলাম (২২)।
ঘটনাস্থলে কর্মরত ঠিকাদার মো: হাসান জানান, ছাদে রডের কাজ শেষ হওয়ার পর কিছু রড নিচে নামানোর প্রয়োজন হয়। শ্রমিকদের সিঁড়ি ব্যবহার করে রড নামানোর নির্দেশ দেয়া হলেও একজন শ্রমিক ছাদের পাশ দিয়ে লম্বা রড নামানোর চেষ্টা করেন। এ সময় রডটি ভবনের পাশ দিয়ে যাওয়া উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাদে থাকা দুই শ্রমিক নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভবনের মালিক আল আমিন বলেন, নির্মাণকাজের দায়িত্ব ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছিল। ঘটনার সময় তিনি সেখানে ছিলেন না। পরে জানতে পারেন, বিদ্যুতের তারের সাথে রড স্পর্শ করায় এ দুর্ঘটনা ঘটে।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: ইমতিয়াজ মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, লাশ দু’টি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
নওগাঁ
নওগাঁর পোরশায় পানি সেচের মাধ্যমে মাছ ধরতে গিয়ে সেচ পাম্প সেট করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু’জনের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের কাতকইল বিলপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—ওই গ্রামের মরহুম আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (২৭) ও শফিউদ্দিনের ছেলে মাহবুর রহমান (২৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন দুপুর ১টার দিকে তারা ছাতোয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু রায়হানের এসটিডাব্লিউ পাম্প থেকে বিদ্যুতের লাইন টানেন। সেই লাইনে গ্রামের পাশের চাকলা নামের ডোবা থেকে পানি সেচে মাছ ধরার জন্য একটি মোটর সেট করতে গিয়ে দু’জন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘটনার সময় ওই স্থানে কেউ ছিল না।
তবে স্থানীয়রা ধারণা করছেন, মোটরে বিদ্যুতের তার সংযোগ দেয়ার সময় একজন বিদ্যুৎস্পৃষ্ট হলে অন্যজন বাঁচাতে গিয়ে দু’জনেরই মৃত্যু হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনি নিজেই ঘটনাস্থলে গিয়েছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ তুহিন (৩৬) নামে এক সিঙ্গাপুর প্রবাসী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার আইলহাস ইউনিয়নের হোসেনপুর পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ তুহিন ওই গ্রামের মরহুম আব্দুস সালামের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার বাড়িতে পানি নেয়ার জন্য বৈদ্যুতিক মোটর চালু করতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুতের সংস্পর্শে আসেন। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, মোহাম্মদ তুহিন দীর্ঘদিন সিঙ্গাপুরে প্রবাস জীবন কাটিয়েছেন। প্রায় দুই বছর আগে তিনি দেশে ফিরে আসেন।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) রুজু করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সেচ পাম্প দিয়ে কৃষি জমিতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল ছাত্তার (৭০) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার ঝালরচর উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল ছাত্তার ওই এলাকার মরহুম হাজী নুরুজ্জামানের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বুধবার বিকেলে প্রতিদিনের মতো বাড়ির পাশের ধানক্ষেতে সেচ পাম্প দিয়ে পানি দিতে যান আব্দুল ছাত্তার। এ সময় সেচ পাম্পের মোটর স্পর্শ করতেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।



