মুন্সীগঞ্জ সদর উপজেলার সিপাহিপাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে একটি বেকারিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (৭ জুন) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয় পরিচালিত এক অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানকালে সিপাহিপাড়া এলাকার নিহার বেকারিতে গিয়ে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছে। এছাড়া কেকের নিচে খাদ্যমানসম্মত সাদা কাগজের পরিবর্তে পুরনো খবরের কাগজ ব্যবহার করা হচ্ছে, যা জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বলে বিবেচিত হয়।
এসব অনিয়মের দায়ে বেকারিটির ম্যানেজার মোহাম্মদ রাসেলকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একইসাথে স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনের জন্য সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো: জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার, মুন্সীগঞ্জের একটি দল অভিযানে সহযোগিতা করে।



