চুয়াডাঙ্গায় ব্রাজিল ফুটবল দলের সমর্থনে হওয়া র্যালিতে অংশ নেয়া চারজন মোটরসাইকেল চালককে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।
রোববার (৩১ মে) বিকেল ৪টার দিকে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে র্যালি বের হওয়ার সময় এই অভিযান চালানো হয়।
এ সময় মোটরসাইকেলে সাইলেন্সর পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় চারটি মোটরসাইকেলকে আইন অনুযায়ী মামলা দিয়ে জরিমানা আদায় করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ট্রাফিক পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। অভিযানে চারটি মোটরসাইকেল চালকের বিরুদ্ধে উচ্চ শব্দ সৃষ্টি ও তাদের ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে মামলা দেয়া হয় এবং মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিনি বলেন, ‘সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’



