সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ২৮৪ জন।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের ম্যাপ
সিলেটের ম্যাপ |ফাইল ছবি

সিলেটে হাম পরিস্থিতির ভয়াবহতা ক্রমেই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন আরো দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ জনে। একই সময়ে নতুন করে আরো ২৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে চলতি বছরে বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৯৭৬ জন।

শনিবার (১৫ আগস্ট) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: মো: মাহবুবুল আলম।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ৬০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে সন্দেহজনক হাম রোগী হিসেবে চিকিৎসাধীন রয়েছেন ২৮৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া দু’জনই শিশু। তাদের একজন সিলেটের পাঁচ মাস বয়সী সাইখান হোসেন। সে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। তার বাবা হাবিবুর রহমান। তাদের ঠিকানা সিলেট সদর উপজেলার টুকেরবাজার।

অপর শিশু ১১ মাস বয়সী তানহা আক্তার। তার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। তার বাবা কনকেল আহমদ। তাদের বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলার ঘোশামার এলাকায়।

স্বাস্থ্য বিভাগের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ আগস্ট পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৭৬ জনে। এর মধ্যে সিলেটে ৩০৫, হবিগঞ্জে ১৪৮, মৌলভীবাজারে ১৪৬ এবং সুনামগঞ্জে ৩৭৭ জন। নিশ্চিত হাম শনাক্তের দিক থেকে সুনামগঞ্জ শীর্ষে রয়েছে। এরপর রয়েছে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ। হবিগঞ্জে শনাক্ত ১৪৮ জনের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, চলতি বছরে হাম ও উপসর্গে মৃত্যু হওয়া ১৩৫ জনের মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ছয়জনের। বাকি ১২৯ জনের মৃত্যু হয়েছে হামসদৃশ উপসর্গ নিয়ে।

জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সুনামগঞ্জে। সেখানে হাম ও উপসর্গে মৃত্যু হয়েছে ৫৫ জনের। সিলেটে ৫০, হবিগঞ্জে ১৭ এবং মৌলভীবাজারে ১৩ জনের মৃত্যু হয়েছে।

বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮৪ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১২০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯০ জন, রাজীব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৬ জন, মাউন্ট এডোরা হাসপাতালে একজন, নর্থ ইস্ট হাসপাতালে ছয়জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গোলাপগঞ্জে তিনজন, বিয়ানীবাজারে দুইজন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে তিনজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১৩ জন ভর্তি রয়েছেন।

প্রতিদিন নতুন করে হাম রোগী শনাক্ত, হাসপাতালে সন্দেহজনক রোগীর চাপ বৃদ্ধি এবং ধারাবাহিকভাবে শিশু মৃত্যুর ঘটনায় সিলেটের জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরো বাড়ছে। বিশেষ করে অল্প সময়ের ব্যবধানে একের পর এক শিশুর মৃত্যু হাম পরিস্থিতির ভয়াবহতাকে আরো স্পষ্ট করে তুলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত রোগ শনাক্তকরণ, চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার এবং কার্যকর প্রতিরোধমূলক পদক্ষেপের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।