কুমিল্লায় বিরল লজ্জাবতী বানর উদ্ধার

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আবদুল্লাহ আল মামুন সাগর জানান, ‘বানরটির শারীরিক পরীক্ষা করে চিকিৎসা দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক শক খেয়েছিল।’

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার (৩ জুন) সকালে প্রাণীটিকে উপজেলা প্রাণিসম্পদ অফিসে হস্তান্তর করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল গ্রামে স্থানীয় আবদুল মমিন বানরটিকে দেখতে পেয়ে আটক করেন। পরে উপজেলা প্রশাসনের মাধ্যমে কুইক রেসপন্স টিমের টিম লিডার আরাফাত হোসেন প্রাণীটিকে হেফাজতে নেন।

বুধবার সকালে বানরটির স্বাস্থ্য পরীক্ষা শেষে চিকিৎসা দিয়ে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এরপর উপজেলা প্রশাসন বিলুপ্তপ্রায় প্রাণীটিকে বন বিভাগের নিকট হস্তান্তর করে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: আবদুল্লাহ আল মামুন সাগর জানান, ‘বানরটির শারীরিক পরীক্ষা করে চিকিৎসা দেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি বৈদ্যুতিক শক খেয়েছিল।’

চৌদ্দগ্রাম উপজেলা বন কর্মকর্তা মো: শাহীন আলম বলেন, ‘বর্তমানে বানরটি আমাদের হেফাজতে রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ আছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেলে এটি অবমুক্ত করা হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: শাহাদাৎ হোসেন জানান, ‘প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নেবে।’