বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ৩

পেকুয়া থেকে একটি ডাকাতচক্র পিকআপ নিয়ে বাঁশখালীতে ডাকাতির উদ্দেশ্যে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে বৈলছড়িতে চেকপোস্ট স্থাপন করে পুলিশ।

Location :

Chattogram
দেশীয় অস্ত্রসহ আটক তিন ডাকাত সদস্য
দেশীয় অস্ত্রসহ আটক তিন ডাকাত সদস্য |নয়া দিগন্ত

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের বাঁশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে ধাওয়া করে তিন ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— আনোয়ারা থানার মরহুম আবদুর রহীমের ছেলে নুর মোহাম্মদ, মরহুম মোহাম্মদ ইবরাহিমের ছেলে শাহাদাত হোসেন ও বাগেরহাটের ইউসুফ আলী শেখের ছেলে কামরুল ইসলাম শেখ।

থানা সূত্রে জানা যায়, পেকুয়া থেকে একটি ডাকাতচক্র পিকআপ নিয়ে বাঁশখালীতে ডাকাতির উদ্দেশ্যে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এই খবর পেয়ে বৈলছড়িতে চেকপোস্ট স্থাপন করে পুলিশ। চেকপোস্টে সঙ্কেত দেয়া হলে পুলিশের সঙ্কেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে পিকআপটি।

পরে পুলিশ ধাওয়া দিয়ে চেচুরিয়া বাজার থেকে পিকআপে থাকা তিনজনকে আটক করে। এ সময় সাত-আটজন ব্যক্তি পিকআপ থেকে নেমে পালিয়ে যায়।

আটক তিনজনের শরীর ও পিকআপ তল্লাশি করে তিনটি রামদা, একটি চাইনিজ কুড়াল ও একটি লোহার কাটার উদ্ধার করা হয়। তাদের পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হক জানান, আটক হওয়া ব্যক্তিরা একটি সঙ্ঘবদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা বিভিন্ন এলাকায় ডাকাতি কার্যক্রমে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।