আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: খায়রুল ইসলাম বলেন, ‘শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই জীবনে সফলতা আসে না। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।’

Location :

Manikganj
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয় |নয়া দিগন্ত

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) সকালে প্রতিষ্ঠানটির মানিকগঞ্জ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী, প্রাথমিক ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং বিজ্ঞান মেলায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ডা: রেজওয়ানা আফরোজ স্বরনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: খায়রুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো: সালাহ উদ্দিন, জেলা শিক্ষা কর্মকর্তা মো: আমির হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা নার্গিস সুলতানা ও এটিএমএলের নির্বাহী পরিচালক (অপারেশনস) গৌরাঙ্গ কৃমার শম্ভু।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো: খায়রুল ইসলাম বলেন, ‘শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করলেই জীবনে সফলতা আসে না। ভালো ফলাফলের পাশাপাশি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হতে হবে।’

তিনি বলেন, ‘অর্জিত জ্ঞান ও দক্ষতা বাস্তব জীবনে কাজে লাগাতে পারলেই কাঙ্ক্ষিত সফলতা অর্জন সম্ভব।’

সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানের পরিচালক ডা: রেজওয়ানা আফরোজ স্বরণী বলেন, ‘কোডিং আর রোবটিক্স এখন বৈশ্বিক ভাষা, সেই ভাষা আমাদের সন্তানদের শেখাতেই এ আয়োজন। এবারের আয়োজ ছিল ভার্সন ১.০ অর্থাৎ শেষ নয় শুরু। প্রতিবছর এ উৎসব আরো বড় আকারে অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘গ্রাম কিংবা মফস্বল শহরের ছেলে-মেয়েরাও বিশ্বমানের শিক্ষা লাভ করবে। আর এ স্বপ্নকে বাস্তবায়ন করার জন্যেই আকিজ ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা মানিকগঞ্জে একটি উন্নত মানের আধুনিক মাদরাসাও স্থাপন করব।’

অনুষ্ঠানে বক্তারা কৃতী শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও সৃজনশীলতার প্রশংসা করে বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ নেতৃত্বের ভিত্তি। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি তাদের নৈতিকতা, দক্ষতা, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তুলতে হবে।

বক্তারা দেশ ও সমাজের কল্যাণে নিজেদেরকে যোগ্য ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ১৭ জন, জুনিয়র বৃত্তি প্রাপ্ত তিনজন ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ছয়জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরস্কার দেয়া হয়। একই সাথে রোবটিক্স প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কার প্রদান করা হয়।

আকিজ ফাউন্ডেশনের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রথমবার এসব পরীক্ষায় অংশ নিয়ে শিক্ষার্থীরা শতভাগ সফলতা অর্জন করায় অনুষ্ঠানে আগত অতিথি ও অভিভাবকগণ সন্তুষ্টি প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।