কুমিল্লা প্রতিনিধি ও দাউদকান্দি সংবাদদাতা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের বহনকারী একটি বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী। কলেজের বার্ষিক ভ্রমণের অংশ হিসেবে তারা চারটি বাসে করে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে।
আহত শিক্ষার্থীরা হলেন যাওয়াত, ফেরদৌস, কৌশি, মিরাজ, মুরসালিন, ইমন মৃধা, আরিফ, শফিকুল ইসলাম, মালিহা মেহনাজ, রায়হান, সাজিয়া, তাসপিয়া, আরিফুল ইসলাম, সামিউল, রাজর্ষি, তাসনীম, হুমায়রা, মিলা, নিসা ও তানজিনা।
দাউদকান্দি হাইওয়ে থানার এএসআই নূর উদ্দিন বাহার জানান, গতকাল সোমবার রাতে সেন্টমার্টিন পরিবহনের চারটি বাসে করে শিক্ষার্থীরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন। ভোর সাড়ে ৪টার দিকে জিংলাতলী এলাকায় পৌঁছালে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়।
তিনি বলেন, বাসটিতে ৪০ জন শিক্ষার্থী ছিলেন। এতে ২০ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত নয়জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।



