রংপুরের নিজ বাড়ি থেকে ২ সন্তানসহ শিক্ষক দম্পতির লাশ উদ্ধার

স্থানীয়রা জানান, কয়েকদিন থেকেই বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। ভেতর থেকে গন্ধ পাওয়ায় তারা পুলিশকে খবর দেন।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
এক ফ্রেমে হত্যার শিকার পরিবারের চারজন
এক ফ্রেমে হত্যার শিকার পরিবারের চারজন |সংগৃহীত

রংপুর মহানগরীর মাছুয়া পাড়ায় নিজ বাড়ি থেকে জিলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার স্ত্রী ও দুই ছেলে-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টায় মাছুয়া পাড়ার মন্দিরের পার্শ্ববর্তী তালাবদ্ধ দোতলা বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এ সময় গণপতি চক্রবর্তীর (৬৫) লাশ দোতলার ছাদ থেকে, সিঁড়ি থেকে স্ত্রী প্রীতিলতা বোলা চক্রবর্তী (৫৫) ও মেয়ে কারমাইকেল কলেজ থেকে সদ্য মাস্টার্স পাস করা প্রার্থী চক্রবর্তীর (২৫) এবং ঘরের খাটের নিচ থেকে ছেলে রংপুর জিলা স্কুলের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়ম চক্রবর্তীর (১২) লাশ উদ্ধার করা হয়।

তাদের গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরের মির্জাপুর এলাকায়।

স্থানীয়রা জানান, কয়েকদিন থেকেই বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। ভেতর থেকে গন্ধ পাওয়ায় তারা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার কার্যক্রম চালায়। ঘটনাস্থলে আসে সিআইডির বিশেষ টিম।

ঘটনাস্থলে উপস্থিত মহানগর কোতোয়ালি থানার ওসি নাজমুল কাদির বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গিয়ে দেখি দোতলা বাড়ির প্রধান গেট তালাবদ্ধ। তালা ভেঙে ভিতরে প্রবেশ করে দোতলার ঘরের খাটের নিচ থেকে প্রিয়ম, তিনতলায় ওঠার সিঁড়ি থেকে প্রীতিলতা ও প্রার্থী চক্রবর্তী এবং ছাদ থেকে গণপতি চক্রবর্তীর লাশ উদ্ধার করি। সিআইডির তদন্ত দল প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছে। কিভাবে এই হত্যাকাণ্ড হলো তা দেখতে এরই মধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।’

তিনি আরো বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। প্রয়োজনীয় কর্মকাণ্ড শেষে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করে প্রাপ্ত তথ্য জানানো হবে।’

মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ জানান, ‘ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ চলছে।’