এসএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ২৭

এসএমপি বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময় ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৬১টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ১২৭টি যানবাহন আটক করা হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মেট্রোপলিটন পুলিশ
সিলেট মেট্রোপলিটন পুলিশ |ফাইল ছবি

সিলেট নগরীর আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ২৭ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।

শুক্রবার (২১ আগস্ট) এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম এর সত্যতা নিশ্চিত করেছেন।

এসএমপি সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পরিচালিত পৃথক অভিযানে মোট ২৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি ও মেট্রো অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার হওয়া আসামি রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযানে ৬১টি যানবাহনের বিরুদ্ধে মামলা ও ১২৭টি যানবাহন আটক করা হয়েছে। এদিকে, অভিযানকালে ৫১ পিস ভারতীয় ফেসওয়াশ ও ৯৩০ পিস চকলেট উদ্ধার করা হয়।

এসএমপির মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া শেষে গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসএমপির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।