কুড়িগ্রামের ভূরুঙ্গামারী বাজারে আগুন লেগে পুড়ে গেছে শতাধিক দোকান।
শুক্রবার (৫ জুন) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ঘটনাস্থলের আশপাশে পোশাকের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পাশের উপজেলা নাগেশ্বরী থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে সবকিছু পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত কয়েকজন দোকান মালিক জানায়, দোকানগুলোতে তৈরি পোশাক, কসমেটিক্স সামগ্রী, বই-খাতা, স্টেশনারি ও জুতাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল। ব্যবসা করার জন্য তারা ঋণ নিয়েছেন। দোকানের আয় দিয়ে সংসার চলানোর পাশাপাশি ঋণের টাকা পরিশোধ করতেন। দোকান পুড়ে যাওয়ায় তারা পথে বসে গেছেন। রোজগারের একমাত্র উৎস পুড়ে ছাই হয়ে যাওয়ায় তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। কিভাবে সংসার চালাবেন আর ঋণ পরিশোধ করবেন সেই চিন্তায় তারা দিশেহারা।
ভূরুঙ্গামারী হাট-বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী ছোট-বড় সবমিলিয়ে ভূরুঙ্গামারী বাজারের ১০০টির মতো দোকান পুড়ে গেছে। দোকানের সংখ্যা কম-বেশি হতে পারে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আনুমানিক ১০ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।’



