মুন্সীগঞ্জ সদর উপজেলার টরকী এলাকায় অভিযান চালিয়ে ২৪০ ক্যান বিদেশী বিয়ারসহ তিন মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশের যৌথ দল। উদ্ধার করা বিয়ারের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৫ জুন) দুপুর ২টার দিকে জেলা পুলিশ সুপার প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি ও মুন্সীগঞ্জ থানা পুলিশের একটি যৌথ দল সদর উপজেলার টরকী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় টরকী উচ্চ বিদ্যালয় (জুনিয়র স্কুল) সংলগ্ন সেতুর ওপর থেকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা তিন ব্যক্তিকে আটক করা হয়।
আটকরা হলেন— টরকী এলাকার সুমন মিজি (২৮), খান জাহান আলী (২৪) ও লিংকন মিজি (২৫)। তাদের শরীর তল্লাশি করে তিনটি ব্যাগ থেকে মোট ৭২ ক্যান বিদেশী বিয়ার উদ্ধার করা হয়।
পরে আটক ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ টরকী এলাকার একটি পুকুরপাড়ের ঝোপ থেকে আরো ১৬৮ ক্যান বিয়ার উদ্ধার করে। সব মিলিয়ে ২৪০ ক্যান ‘মার্টেন্স ফ্যামিলি ব্রুড প্রিমিয়াম বিয়ার’ জব্দ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত প্রতিটি ক্যানের ধারণক্ষমতা ৩৩০ মিলিলিটার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে মাদকজাতীয় পানীয় বিক্রির সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।



