ফকিরহাটে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেফতার

মা ঘরের কাজে ব্যস্ত থাকার সুবাদে অভিযুক্ত মোজাহিদ শিশুটিকে প্রায়ই ঘুরতে নিয়ে যেত। শিশুটি তাকে চাচা বলে ডাকত।

আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট)

Location :

Fakirhat
গ্রেফতার মোজাহিদ শেখ
গ্রেফতার মোজাহিদ শেখ |নয়া দিগন্ত

বাগেরহাটের ফকিরহাটে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মোজাহিদ শেখকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ জুন) রাতে উপজেলার বৈলতলী গ্রামের একটি চায়ের দোকানের সামনে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতার মোজাহিদ ওই গ্রামের মরহুম গাউস শেখের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি।

এ ঘটনায় ভুক্তভোগীর শিশুর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

পরিবার সূত্রে জানা গেছে, ভিকটিমের বাবা একজন দরিদ্র দিনমজুর। তিনি কাজের সন্ধ্যানে বাইরে থাকায় ও মা ঘরের কাজে ব্যস্ত থাকার সুবাদে অভিযুক্ত মোজাহিদ শিশুটিকে প্রায়ই ঘুরতে নিয়ে যেত। শিশুটি তাকে চাচা বলে ডাকত।

বুধবার দুপুরে অভিযুক্ত শিশুটিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করাতে নিয়ে যান। পরে বাড়ি ফিরে শিশুটি শারীরিক যন্ত্রণা অনুভব করে। শিশুটি তার মায়ের কাছে অসুস্থতার কথা জানালে ধর্ষণের বিষয়টি প্রকাশ পায়।

পরে শুক্রবার রাতে বৈলতলী গ্রামের একটি চায়ের দোকানের সামনে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। ভুক্তভোগী শিশুর বাবা লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।’